ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

পুতিনকে বন্ধু বলা হিটলারকে বন্ধু বলার মতো: জেলেনস্কি

যুক্তরাষ্ট্রের প্রতি গভীর হতাশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বন্ধু হিসেবে উল্লেখ করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন তিনি। পুতিনের সঙ্গে বন্ধুত্বকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান একনায়ক অ্যাডলফ হিটলারকে বন্ধু বলার সঙ্গে তুলনা করেছেন জেলেনস্কি। সম্প্রতি চীনের শেনজেনে শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের ত্রিপক্ষীয় বৈঠক হয়। ১৯ নভেম্বরের ওই বৈঠকের আগে পুতিনের দিকে তাকিয়ে ট্রাম্প বলেন, ‘উনি কি? উনি আমার বন্ধু।’


ট্রাম্পের এই মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। শুক্রবার কিয়েভে নিজের কার্যালয়ে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। জেলেনস্কি বলেন, গুরুত্বপূর্ণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা সরবরাহে বিলম্বের কারণে ইউক্রেনীয়দের প্রাণহানি ঘটছে। একই সঙ্গে শান্তি আলোচনায় রাশিয়ার ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করতে পারছে না যুক্তরাষ্ট্র। পুতিনকে আলিঙ্গন করছেন, এমন একটি ছবি ট্রাম্প প্রকাশ করায় বিস্ময় প্রকাশ করেন জেলেনস্কি। তিনি বলেন, ‘অবশ্যই এরকম কিছু করার অধিকার মার্কিন প্রেসিডেন্টের আছে। তবে ব্যাপারটা অদ্ভুত।’


পুতিনের সঙ্গে বন্ধুত্বের বিষয়টি নাকচ করে দিয়ে তিনি বলেন, ‘তিনি (পুতিন) আগ্রাসনকারী। তিনি খুনি। তিনি বন্ধু হতে পারেন না। কোনোভাবেই না।’


জেলেনস্কি আরও বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারকে কেউ ভালো বন্ধু বললে ব্যাপারটা যেমন হতো, এটা তেমনই। না, তিনি (পুতিন) বন্ধু নন।’


২০২৫ সালে হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে এক উত্তপ্ত বৈঠকের পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সতর্ক অবস্থান নিয়েছেন জেলেনস্কি। বেশ কিছুদিন বন্ধ থাকার পর চলতি মাসের শুরুতে আবুধাবিতে আবারও ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা হয়। এতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তবে আলোচনায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।


জেলেনস্কি বলেন, ‘আমরা যত বেশি জানছি, সমস্যা তত বাড়ছে।’ আগামী ডিসেম্বরে আবারও আলোচনা শুরুর কথা রয়েছে বলেও জানান তিনি। রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের চার বছর নয় মাস পেরিয়ে গেছে। এই যুদ্ধের ভয়াবহ প্রাণহানি বন্ধ করতে এবং শান্তি আলোচনায় অগ্রগতি আনতে মরিয়া ইউক্রেন।

ads
ads
ads

Our Facebook Page

↑